রোববার ১০০০ কোটি টাকা দিচ্ছে জিপি

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২০:২৩  
সর্বোচ্চ আদালতের রায় মেনে আগামী ২৩ ফেব্রুয়ারি বিটিআরসি’র বকেয়ে দাবির ১০০০ কোটি টাকা জমা দেবে গ্রামীণফোন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কোম্পানিটির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস মোহাম্মাদ হাসান। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছেন তারা। বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রিভিউ বেঞ্চের আদেশ অনুযায়ী এই টাকা দেয়ার সম্মতি জানিয়েছে অপারেটরটি। ওইদিন আদালত রায়ে বলেছে,  বকেয়ো পাওনার ২০০০ কোটি টাকা গ্রামীণফোনকে দিতেই হবে। তার মধ্যে ১০০০ কোটি টাকা সোমবারের মধ্যে পরিশোধ করতে হবে। এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেওয়া হবে। এরআগে আপিল বিভাগ গত ২৪ নভেম্বর গ্রামীণ ফোনকে দুই হাজার কোটি টাকা পরিশেধ করতে নির্দেশ দিয়েছিল। সেজন্য তাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই সময় সীমা। তার আগেই গত মাসে সর্বোচ্চ আদালতের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল গ্রামীণফোন। অপরদিকে আদালতের রায়ের পর বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, টাকা না দিয়ে গ্রামীণফোনের যাওয়ার আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। সে কারণে আমার যতখানি মনে হয় এবার তারা টাকাটা দিয়ে দেবে।’ আর টাকা না দিলে আইনানুসারে সোমবারের পর তারা গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের আয়োজন শুরু করবেন বলেও জানান।